পেইন্টস খাতে নারী কর্মী গড়তে প্রশিক্ষণ দিলো বার্জার

আপডেট : ১৩ জুন ২০২৩, ১০:১৯

দেশের পেইন্টস খাতে দক্ষ নারী কর্মী গড়ে তুলতে এবং এই পেশায় আসতে আগ্রহী করতে প্রশিক্ষণ দিলো বার্জার।  

‘ফিমেল পেইন্টার্স ডেভলপমেন্ট প্রোগ্রাম’ র আওতায় সম্প্রতি বার্জার পেইন্টার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে ৪০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

রাজধানীর তেজগাঁওয়ে বার্জার পেইন্টার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) সোমবার (১২ জুন) এই কর্মসূচির প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

কর্মসূচিতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ বলেন, বর্তমানে নারীরা কর্মসংস্থানের তাগিদে ছোট ও বড় নানা ধরনের পেশায় যুক্ত হচ্ছেন। আর সেসব পেশাতে ভালো করতে দরকার দক্ষতার উন্নয়ন। এই প্রশিক্ষণ কার্যক্রম দেশের নারী পেইন্টার ও তাদের পরিবারের সদস্যদের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখবে।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেউডের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম বলেন, বাংলাদেশে পেইন্টের কাজ ছেলেদের জন্য উপযুক্ত বলে ধরে নেওয়া হয়। আমরা এই জেন্ডার স্টেরিওটাইপ পরিবর্তন করে পেইন্টিং শিল্পের ট্যালেন্ট পুলে তাদের যুক্ত করতে চেয়েছি।

অনুষ্ঠানে বার্জার পেইন্টস লাক্সারি সিল্ক ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পেইন্টিং পেশা পুরুষ নির্ভর। এই পেশায় জেন্ডার স্টেরিওটাইপ পরিবর্তনের পাশাপাশি নারীদেরকে প্রশিক্ষণ দেওয়ার মূল উদ্দেশ্য ছিল। আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা দেশ ও দেশের বাইরের শ্রম বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে সক্ষম হবেন।

ইত্তেফাক/আরএজে