খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন: ফখরুল

আপডেট : ১৩ জুন ২০২৩, ১৮:৩৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছিল। এরপর বাসায় এনে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, গতকাল রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থায় তাকে রাত ৩টায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর গোপীবাগ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে পদযাত্রার আয়োজন করা হয়।

সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তাঁর দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

ইত্তেফাক/এনএ