ক্যাম্পে থাকতে থাকতে নারী ফুটবলাররা ক্লান্তই হয়ে পড়েছিলেন। তাই বাফুফের ক্যাম্প হতে ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছিল। ক্যাম্প খালি করে দেওয়া হয়েছিল। ফুটবলাররা ছুটি কাটিয়ে এখন আবার ক্যাম্পে ফিরতে শুরু করেছেন। গতকালই পাঁচ দিনের ছুটি শেষ হয়েছে। অনেকেই চলে এসেছেন। বিকালে-সন্ধ্যায় ফিরেছেন। অন্যরা আজই ফিরবেন। জাতীয় নারী দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু জানিয়েছেন কৃষ্ণা রাণী সরকার, সানজিদা, রিয়া, রূপনা চাকমা ঋতুপর্ণাসহ ১৫ জন চলে এসেছেন। অন্যরাও এসে যাবেন।’
বাফুফের ক্যাম্পে ৫৯ ফুটবলার বছর জুড়ে অনুশীলনে থাকেন। সিনিয়র ফুটবলাররা ছুটি কাটিয়ে ফিরলেও জুনিয়র ফুটবলাররা একটু বেশি সময় ছুটি পাচ্ছেন। কারণ তারা ঈদুল ফিতরের সময় ক্যাম্পে ছিলেন। আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ছিল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের খেলোয়াড়দের আগামী ঈদুল আজহা পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন সিনিয়র ফুটবলাররা ক্যাম্পে ফিরেছেন আর জুনিয়ররা একটু বেশি ছুটি কাটাবেন।’ তিনি বলেন, ‘সিনিয়র ফুটবলারদের প্রীতি ম্যাচ আছে। তা ছাড়া এশিয়ান গেমস ফুটবলের প্রস্তুতির বিষয় রয়েছে।’
সিনিয়র ফুটবলারদের মধ্যে অনেকেই বাড়িতে যাননি। তারা বাড়িতে ছুটি না কাটিয়ে পছন্দের জায়গায় ছুটি কাটাতে গিয়েছিলেন। ছুটি কাটিয়ে ক্যাম্পে ফেরা কৃষ্ণা সংবাদ মাধ্যমের সঙ্গে জানিয়েছেন তারা খাগড়াছড়ি গিয়েছিলেন। আনুচিংদের বাসায় ঘুরতে গিয়েছিলেন। রাতে সেই বাড়িতেই অবস্থান করেছেন। কৃষ্ণা সংবাদমাধ্যমকে জানিয়েছেন অনেক দিন ক্যাম্পে ছিলেন। বেড়ানোর সুযোগ পেয়ে দারুন খুশি তারা। মাঝে মাঝে এমন সুযোগ পেলে মনটা অন্যরকম লাগে।
সানজিদাও গিয়েছিলেন আনুচিংদের বাসায়। আনুচিং পারফরম্যান্সের কারণে ক্যাম্প হতে বাদ পড়ে ছিলেন। আনুচিংয়ের বোন আনাই মোগিনি আছেন ক্যাম্পে। আনাই নিয়ে গেছেন কৃষ্ণা, সানজিদাকে। ঘুরে এসে সানজিদা বললেন, ‘কখনো খাগড়াছড়িতে যাইনি। খাগড়াছড়ি সুন্দর জায়গা। আমরা বিদেশে খেলতে গিয়েছি ২০ বার। কিন্তু দেশের ভেতরে কোনো দিন ঘোরা হয় না। খুবই ভালো লাগল। ফ্রেশ হয়ে গিয়েছি। আনুচিং এবং আনাই দুই বোন আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। ওখানে গেলে যে কারো মন ভালো হয়ে যাবে।’
সানজিদা বলেন, ‘সামনে ঈদের ছুটিতে বাবা মায়ের কাছে যাবো। এজন্য এবার বাড়িতে না গিয়ে খাগড়াছড়ি গেলাম।’ ক্যাম্পে ফিরে এই ফুটবলাররা যেন ফুরফুরে মেজাজে রয়েছেন। জমে থাকা ক্লান্তি কাটিয়ে নতুন উদ্যোমে অনুশীলনে নামার অপেক্ষায় রয়েছেন সাবিনা, কৃষ্ণা, সানজিদারা।
