চলতি বছরের মে মাসে দেশজুড়ে ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬৯ জন।
বুধবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
একই সময়ের মধ্যে রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত, ৭ জন আহত হয়েছেন। নৌ-পথে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং আহত হয়েছেন ৮ জন। এছাড়া ৩ জন নিখোঁজ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মে মাসে সড়ক, রেলপথ ও নৌ-পথে ৫৬৪টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৮৫ মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮১ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছেন।
মে মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। মোট ১২১টি সড়ক দুর্ঘটনায় ১১০ জন নিহত ও ১৫১ জন আহত হয়েছেন। এছাড়া সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, ২৪টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন।
রিসংখ্যানে দেখা গেছে, ২৮ দশমিক শূন্য ৯ শতাংশ মোটরসাইকেল, ২৪ দশমিক ১৬ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৩ দশমিক ৬৮ শতাংশ বাস, ১৬ দশমিক ৪৪ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৩ দশমিক ২০ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৮ দশমিক ২৯ শতাংশ নছিমন-করিমন-মাহেন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক ১১ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।
