রংপুরে পরীক্ষা বন্ধ রেখে শিক্ষার্থীদের প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে জোর করে নেওয়ার অভিযোগ উঠেছে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে। এই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর অভিভাবক এ অভিযোগ তুলেছেন।
বুধবার (১৪ জুন) সকালে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক।
উদ্বোধনী এই অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা।
ফেসবুকে তার স্ট্যাটাস থেকে জানা যায়, পরীক্ষা বাদ দিয়ে রংপুর বিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে যেতে বাধ্য করা হয়েছে। শিল্পকলা একাডেমিতে বুধবার ছিল বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধনী দিন। অধ্যাপক মাহমুদুল হকের ছেলের পরীক্ষা ছিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু এ সময়ে পরীক্ষা বন্ধ রেখে তার ছেলের মতো অন্য শিক্ষার্থীদেরও নিয়ে যাওয়া হয় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে।
রংপুর নগরীর বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাইমুন মিহরানের বাবা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক তার ফেসবুক পোস্টে লিখেন, ‘স্কুলের বাচ্চাদের পরীক্ষা বাদ দিয়ে অনুষ্ঠানে যেতে বাধ্য করা হয়েছে। পরীক্ষা বাদ দিয়ে রংপুর বিয়াম স্কুল এন্ড কলেজের বাচ্চাদের রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যেতে বাধ্য করা হয়েছে। শিল্পকলা একাডেমিতে এখন প্রোগ্রাম চলছে। আজ আমার ছেলের সকাল ১০-১টা পরীক্ষা ছিল। এখন সে অনুষ্ঠানের দর্শক। এর দায় কে নিবে? বাচ্চাদের অনুষ্ঠানে নিয়ে যাওয়া এমনিতেই বেআইনি এর উপর ক্লাস পরীক্ষা বাদ দিয়ে।
ফেসবুকের এই পোস্টের বিষয়ে তিনি বলেন, একজন শিক্ষকের ফোন থেকে ছেলে ফোন দিলে আমি স্পষ্টভাবে জানিয়েছিলাম আমার ছেলে প্রতিষ্ঠানের বাহিরে ওই অনুষ্ঠানে যেন না যায়। আমি দ্রুত প্রতিষ্ঠানে গিয়ে অধ্যক্ষকে অনুরোধ করি যাতে কোথাও গেলে আমার অনুমতি ছাড়া যেন না যায়। এরই মধ্যে পরীক্ষারত অবস্থায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষার্থীদের অনুষ্ঠানে নিয়ে যায় তারা। এমন কি পরীক্ষার খাতাও জমা নেয়নি। ছেলে বাসায় খাতা নিয়ে এসেছে বাধ্য হয়ে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুল হক মোবাইল ফোনে বলেন, ছেলের পরীক্ষা ছিল তিন ঘণ্টা। কিন্তু এক ঘণ্টা পরীক্ষা নিয়ে শিল্পকলা একাডেমিতে বিভাগীয় সাহিত্য মেলার প্রোগ্রামে নিয়ে গেছে স্কুল কর্তৃপক্ষ। বিভাগীয় কমিশনার চিঠির মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য। অন্যান্য শ্রেণির পরীক্ষার্থীদেরও নিয়ে যাওয়া হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘ডিসির প্রোগ্রাম বলেন আর বিভাগীয় কমিশনারের প্রোগ্রাম হোক, এ ধরনের প্রোগ্রামে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া বেআইনি। কোনোভাবেই শিক্ষা কার্যক্রম বাদ দিয়ে একজন শিক্ষার্থীকে কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে পারে না। আজ (বুধবার) ছিল অর্ধবার্ষিক পরীক্ষা। বাচ্চাদের বাধ্য করা হয়েছে। এটা বেআইনি।
রংপুরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আহসান হাবিব মোবাইলে বলেন, বিভাগীয় সাহিত্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। যেহেতু সাহিত্যবিষয়ক অনুষ্ঠান, সেহেতু আমার কাছে ছাত্র-ছাত্রীদের চাওয়া হয়েছিল। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের আজ (বুধবার) অর্ধবার্ষিক মূল্যায়ন ছিল।
বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধনী এ অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা। এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।
