মারা গেছেন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হক

আপডেট : ১৫ জুন ২০২৩, ১১:০৪

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হক মিয়া (৭৬) মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৬টার দিকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিজামুল হক মিয়া মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তিনি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। 
 
তিনি আরও জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। নিজামুল হক মিয়ার বাবার নাম আব্দুল মান্নান মিয়া ওরফে মনি মিয়া। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে। তাকে গত ১০ এপ্রিল রাজধানীর ভাটারার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছিল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

নিজামুল হককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোলায়মান বলেন, সকালে নিজামুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে  ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কতদিন ধরে কারাগারে কয়েদি হিসেবে ছিলেন তা বলতে পারছি না।

ইত্তেফাক/আর