আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলার আগে বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতির জন্য কম্বোডিয়া হচ্ছে সহজলভ্য একটি দল। একাধিক ম্যাচ খেলেছে এ দুই দল। আগামী ২১ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে সাফের আসর। সেখানে যাওয়ার আগে আজ বাংলাদেশ ফুটবল দলের শেষ প্রস্তুতি ম্যাচ। কম্বোডিয়ার রাজধানী নমপেন অলিম্পিক স্টেডিয়ামে খেলা গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচ কম্বোডিয়ার বিটিভি নিউজ সম্প্রচার করবে। তাদের ফেসবুকে খেলা দেখা যাবে। এই ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামের ৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে বাফুফে।
কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ আগেও আরো চার বার খেলেছে। এর মধ্যে দুই জয় ও এক ড্র বাংলাদেশের পক্ষে কথা বলছে। সর্বশেষ জয়টি ছিল গত বছরের ২২ সেপ্টেম্বর, বাংলাদেশ জিতেছিল রাকিবের গোলে। রাকিব এবারও জাতীয় দলের সঙ্গে আছেন। এই ম্যাচ ছাড়াও বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছে টিফফি আর্মি দলের বিপক্ষে। দলটি ওখানকার প্রিমিয়ার লিগের শীর্ষ দল। সোহেল রানার গোলে জয় পেয়ে সেটি বাড়তি উদ্দীপনা দিচ্ছে বাংলার ফুটবলারদের।
আজকের ম্যাচের পরই দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা সাফের জন্য একাদশ নির্ধারণ করবেন, একই সঙ্গে সাফে বাংলাদেশের কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন। আর এই সময়ে কোচের গুডবুকে থাকার জন্য ফুটবলাররা মুখিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। দেশের ফুটবল যেভাবে সমালোচনার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই সময়ে ফুটবলাররা ভালো খেললে দেশের ফুটবল দর্শক খুশি হবে। সেটা জামাল ভুঁইয়ারা পারবেন কি না। সাফের আগে কম্বোডিয়া জাতীয় দলের পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প। আরাম পাচ্ছেন কোচ।
তিনি বলেন, ‘এর আগেও কম্বোডিয়ায় এসেছিলাম। সে সময় কম্বোডিয়া অনূর্ধ্ব-২৩ দলের খেলা ছিল জাপানের বিপক্ষে। যে কারণে দলের বেশ কিছু খেলোয়াড় আসেনি। এবার আরো শক্তিশালী দল খেলবে। আমরা মাথায় রাখছি কম্বোডিয়ার বিপক্ষে খেলব। এটাই বড় কথা। লড়াকু ফুটবল উপহার দেব।’
গতকাল দুপুরে কম্বোডিয়ায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া আজকের ম্যাচ নিয়ে জানিয়েছেন, ‘প্রস্তুতির মূল পরীক্ষায় পাশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামব আজ।’
