কিস্তির টাকা চাওয়ায় এনজিও কর্মীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

আপডেট : ১৫ জুন ২০২৩, ২২:০৯

সাভারে ঋণের কিস্তির টাকা চাওয়ায় রেজাউল করিম (৫০) নামে এক এনজিও কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহিন আলী (২২) নামে এক পোশাক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি।

নিহত রেজাউল করিম বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মী। সে পাবনা জেলার ভাঙ্গুরিয়া থানার চৌগাছা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। 

অন্যদিকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত শাহিন আলী রাজশাহী জেলার চরঘাট থানার অনুপমপুর গ্রামের মো. মোরশেদ আলীর ছেলে। সে রাজফুলবাড়িয়া ভাওয়ালিয়াপাড়া এলাকার আসাদুজ্জমানের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো।

এরপর বুধবার সন্ধ্যায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ভাওয়ালীপাড়া এলাকার আসাদুজ্জামান বাড়ির সিড়ির নিচ থেকে নিহত রেজাউল করিমের লাশ উদ্ধার করে পুলিশ। 

জানা গেছে, বুধবার বিকালে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামানের বাসার নিচতলার  ভাড়াটিয়া শাহিন আলীর কাছে কিস্তির টাকা সংগ্রহে যান ব্র্যাকের মাঠকর্মী রেজাউল করিম। এর আগে মঙ্গলবার কিস্তির টাকা চাইতে গেলে পরদিন দেবেন বলে জানিয়েছিল শাহিন। সেই কথা মতো বুধবার রেজাউল করিম শাহিনের বাসায় টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

তিনি আরও বলেন, একপর্যায়ে রেজাউল করিমকে মারধর করতে থাকেন শাহিন। বেধড়ক পিটুনির সময় অণ্ডকোষে আঘাত পেয়ে রেজাউল মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এ সময় শাহিন নিহতের লাশটি বাসা থেকে বের করে সামনের সিঁড়ির নিচে রেখে দেন এবং রেজাউলের পকেটে থাকা ৫০ হাজার টাকাও হাতিয়ে নেয়। সেই টাকা গ্রেপ্তারকৃত শাহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হত্যা ও টাকা লুটের কথা স্বীকার করেছেন শাহিন আলী।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি বলেন, এ ঘটনায় নিহতের ছেলে কাউসার আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

ইত্তেফাক/পিও