ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা শুরু

আপডেট : ১৫ জুন ২০২৩, ২২:২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় দীর্ঘ ৮ বছর পর পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণার পর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পৌরবাসীর মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১৮ জুন মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন হওয়ায় ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহের পর জমাদানও শুরু করেছে। 

বৃহস্পতিবার (১৫ জুন) ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার মেয়র পদে নির্বাচনের জন্য নির্বাচন অফিসার মো. জাহেদুর রহমানের নিকট ফরম জমা দেন।

জমাদানের সময় প্রার্থীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাড. সিদ্দিকুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ,ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, মো.নিজামুল হক নান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, প্রার্থীর ভাই টুঙ্গিপারা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার,ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু,ভিাটাবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান খান এনামুল করিম পান্না,নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার,বাজার ব্যবসায়ী কল্যাণ মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম খোন্দকার,কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ জোমাদ্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া একই দিনে একই সময়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদে মো. মিজান জোমাদ্দার তার সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।  

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেয়র পদে একজন এবং কাউন্সিলর পদে একজন সহ মোট দুই জনে মনোনয়ন পত্র জমা দিয়েছে। মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রায় ৭০টি ফরম বিক্রয় হয়েছে। এর মধ্যে মেয়র পদে ১০টি ফরম বিক্রি হয়েছে। 

উল্লেখ্য, ২০১৫ সালে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা গঠনের দীর্ঘ ৮ বছর পর এবছর নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। চলতি বছরের গত ৩১ মে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) আদেশক্রমে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পিরোজপুরের ভাণ্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভাসহ দেশের ৮টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এতে দেখা যায় আগামী ১৮ জুন মনোয়নপত্র জমাদানের শেষ দিন, ১৯ জুন যাচাই-বাছাই, ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ১৭ জুলাই ভোট গ্রহণের কথা রয়েছে। 

 

ইত্তেফাক/এএএম