এক ম্যাচে গোল করেই নায়ক বনে গেলেন মজিবর রহমান জনি। এই ফুটবলারের সিলেটে সিশেলসের বিপক্ষে অভিষেক হয়েছিল, কিন্তু গোলের দেখা না পেলেও জনি কাল রাতে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটে দর্শনীয় গোল করেছেন। দেখার মতোই গোল করেছেন।
ঢাকার লিগে ফর্টিসের খেলোয়াড় হলেও জনি মূলত বাফুফের এলিট ক্যাম্পের ফুটবলার। ভারতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে খেলেছেন। বাহারাইনে এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলে খেলেছেন। দিনাজপুরের ছেলে জনি জাতীয় দলে বেশ সাহসের সঙ্গে ফুটবল খেলছেন।
কম্বোডিয়ার বিপক্ষে গোলটি দেখে মনেই হবে না তার ক্যারিয়ারের প্রথম গোল। ডান প্রান্ত থেকে উড়ে আসা বলটা ছোঁ মেরে গোলে পরিণত হওয়ার ছবিটা বলে দেয় জনি আক্রমণভাগে প্রতিশ্রুতির স্বাক্ষর রাখছেন। দেশের ফুটবলে স্ট্রাইকারের সংকট। তবে এ ধরনের গোল করে স্ট্রাইকারদের আত্মবিশ্বাস বেড়ে যায় বহুগুণ।
