নোয়াখালীর ভাসানচরে জাহিদ হোসেন (১৫) এক রোহিঙ্গা কিশোর হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভাসানচর থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত জাহিদ ৮ জুন ভাসানচরের নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও জাহিদকে না পেয়ে তার স্বজনরা বিষয়টি পুলিশকে জানায়। তদন্তে পুলিশ জাহিদের ব্যবহৃত মোবাইলসহ আব্দুল্লাহ নামে একজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে পুলিশ দুই কিশোরকে আটক করে।
এদিকে ১২ জুন ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পের পাশে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নিহতের ভাই মোস্তাকিম থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন এবং বাদী হয়ে ভাসানচর থানায় হত্যা মামলা করেন।
ভাসানচর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, হত্যায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে জাহিদকে হত্যা করা হয়েছে। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
