‘প্রতিনিয়ত মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছি’

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৪:৩০

দীর্ঘদিন ধরেই বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত দক্ষিণী অভিনেত্রী সামান্থা। এরইমধ্যে বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসাও করিয়েছেন তিনি। এমনকি দেশে ফিরে নিয়মিত কাজও করছেন এই অভিনেত্রী। কোনোকিছুর জন্যই পেশাদার জীবনকে অবহেলা করতে চান না তিনি। কাজের পাশাপাশি বাড়িয়েছেন নিজের পারিশ্রমিকও। শিগগিরই ‘সিটাডেল’ সিরিজের ভারতীয় সংস্করণে তাকে পর্দায় দেখবেন দর্শকরা। 

এছাড়াও আসছে সেপ্টেম্বরে মুক্তি পাবে তার নতুন আরও একটি সিনেমা। পাশাপাশি একাধিক সিনেমার খবরেও রয়েছেন তিনি। সেই জায়গা থেকে অনেকেই ভেবেছিলেন পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন সামান্থা। তবে এতদিন বিষয়টি নিয়ে তেমন কথা না বললেও এবার মুখ খুললেন তিনি। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করলেন নিজের বর্তমান অবস্থা। 

সামান্থা লিখেছেন, ‘এক বছর হয়ে গেল রোগ ধরা পড়ার। ধীরে ধীরে কিছুটা আরোগ্য লাভ করছি হয়তো। তবে আমি এখন নতুন জীবনে মানিয়ে নিয়েছি। নুন খাওয়া যাবে না, চিনিও না! তার বদলে একগাদা ওষুধ দিয়েই পেট ভরাচ্ছি। হঠাৎ করে সব কিছু বন্ধ করে দিয়ে অন্য নিয়মে অভ্যস্ত হচ্ছে আমার শরীর। যদিও প্রতিনিয়ত মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছি।’ 

তবে রোগ ধরা পড়ার শুরুর দিনগুলো ছিল তার জন্য বিষাদময়। জীবনের নাকি কোনো অর্থই খুঁজে পাচ্ছিলেন না এই অভিনেত্রী। দিশাহারা হয়ে এক বছর ধরে পূজো-অর্চনায় মনোনিবেশও করেন তিনি। 

সামান্থা লিখেছেন, ‘শুধু শান্তি আর মনের জোর প্রার্থনা করছিলাম। এই একটা বছর আমায় শিখিয়েছে, সব সময় পথ মসৃণ হয় না। সব থেকে বড় কথা হল, খারাপ থাকাটাও স্বাভাবিক, সেটাকে মেনে নিতে শিখেছি।’ তবে এতকিছুর পরও দমে যেতে নারাজ তিনি। সামান্থা উপলব্ধি করেন সাফল্যের মাপকাঠি আলাদা আলাদা। ঘটা করে যেটা হলো না, তবু লড়ে যাওয়া এবং এগিয়ে যাওয়া আরও বড় সাফল্য তার কাছে এখন। তার কথায়, ‘ঘৃণা আমার মনকে আচ্ছন্ন করে দেবে, এমনটা হতেই দেবো না। যা ভালোবাসি সেটাকেই সত্যি করে রাখবো। বসে বসে দুঃখ করা আমার ধাতে নেই। তা-ই করব, যার দাম আছে।’

ইত্তেফাক/এমএএম