সর্বোচ্চ আয় করা ভারতীয় ৫ সিনেমার তালিকায় স্থান পেলো ‘আদিপুরুষ’

আপডেট : ১৭ জুন ২০২৩, ১৯:০২

মহাকাব্য ‘রামায়ণ’ এর কাহিনী অবলম্বনে নির্মিত ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’ মুক্তির আগে থেকেই শিরোনামে ছিল । প্রভাস এবং কৃতি স্যানন এর বহুল আলোচিত সিনেমাটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা ভারতীয় ৫ সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে । শুক্রবার (১৬ জুন) মুক্তি পেয়েছে  সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটি মুক্তির আগেই বিক্রি হয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। এরপর মুক্তির প্রথম দিনেই আয় ছাড়িয়েছে ১০০ কোটির বেশি।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী,  মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১২৪ কোটি রুপি । যার ভেতর শুধুমাত্র সিনেমাটির হিন্দি ভার্সন থেকেই আয় করেছে ৩৬-৩৮ কোটি রুপি! এছাড়া হিন্দির পাশাপাশি সিনেমাটি তেলেগু ভার্সন থেকেও ভালো উপার্জন হয়েছে বলে জানা গেছে।

এর আগে সিনেমা মুক্তির দিনে বিশ্বব্যাপী ২২২ কোটি রুপি আয় করে প্রথম স্থানে রয়েছে ‘আরআরআর’। এছাড়া তালিকার দুই নম্বরে আছে ‘বাহুবলী ২’, এর আয় ২১৪ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ১৬৪ কোটি রুপি আয় করে তৃতীয় স্থানে আছে ‘কেজিএফ ২’, ১২৫ কোটি রুপি আয় করে চতুর্থ স্থানে আছে ‘সাহো’ এবং ৫ম স্থানে আছে ‘আদিপুরুষ’। ঠিক এর পরের স্থানটিই শাহরুখ অভিনীত ‘পাঠান’ এর!

এদিকে আয়ের রেকর্ড গড়লেও ভিএফএক্স, অভিনয় ও সংলাপের কারণে সমালোচনার মুখে পড়েছে প্রভাসের সিনেমা। গতকাল শো শুরু হওয়ার পর থেকে সিনেমার বিভিন্ন ক্লিপিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্নভাবে ট্রোলিং করা হয়েছে সিনেমাটির সংলাপ নিয়ে। হিন্দিতে প্রভাস ও কৃতির সংলাপকে ‘টাপোরি’ বলে উল্লেখ করেছেন অনেকেই।

ইত্তেফাক/পিএস