নরসিংদীর মনোহরদীতে ফুটবল খেলায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ জুন) রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সুমন মিয়া বাদী হয়ে মনোহরদী থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন।
নিহত জাহাঙ্গীর এশিয়া ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার উরুলিয়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
আসামিরা হলেন বড়মির্জাপুর গ্রামের আ. হকের ছেলে মোজাম্মেল (৩০), আ. বাতেনের ছেলে ইব্রাহীম (২৬), জামাল হোসেন (২৬), আইন উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২৫), ও মহাজউদ্দিনের ছেলে আবু বক্কর (২৪)।
জানা যায়, ২৮ মে উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া ও চালাকচর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা আয়োজন করা হয়। খেলা চলাকালীন সময়ে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এই ঘটনার জেরে ১১ জুন সন্ধ্যায় জাহাঙ্গীর তার দুই বন্ধু শাহিন ও তানজিকে নিয়ে মোটরসাইকেলে করে চালাকচর বাজার থেকে নিজ বাড়ি উরুলিয়া যাওয়ার পথে দুর্বৃত্তরা তাদেরকে চালাকচর গার্লস স্কুলের সামনে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদেরকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জাহাঙ্গীরের শারীরিক অবস্থার অবনতি তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, নিহতের বড় ভাই সুমন মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
