নির্বাচন পরিচালনা কমিটির নেওয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে আজ শনিবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের তথ্য-প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে। আওয়ামী লীগ এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে। স্মার্ট বাংলাদেশের কার্যক্রম আমরা নিজেদের ঘর থেকেই শুরু করছি। দল এবং কর্মীরা স্মার্ট হলেই বাংলাদেশ স্মার্ট হবে।
এ সময় তিনি আরও বলেন, স্মার্ট কর্নার স্থাপনের ফলে এখন থেকে প্রতিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযোদ্ধা, সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। এ উদ্যোগের ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস ও তথ্য পাবে।
এসময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগবান করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ারদার ছেলুন এবং সঞ্চলনা করেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
স্মার্ট কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে কবির বিন আনোয়ারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন-তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর এবং প্রকৌশলী মো. তানভীর হাসান তালাশসহ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
স্মার্ট কর্নার উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার চুয়াডাঙ্গা পুলিশ লাইনে মুজিব কর্নার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
