বেঙ্গালুরুতে স্নিগ্ধ আবহাওয়ায় ফুটবল দল

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৯:২৮

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। প্রাণ ফিরে পেয়েছে জীবন। রাতেই আবার গরম বেড়ে গিয়েছে। আর গতকাল দুপুরে গরমে অনেকই ঘর থেকে বের হননি। ঢাকায় যখন এমন পরিস্থিতি তখন ভারতের বেঙ্গালুরুতে শরীর পুড়ছে না। কাঠফাটা গরম নেই। বেঙ্গালুরু থেকে বাফুফের মিডিয়া ম্যানেজার সূত্রের খবর এখন সেখানে গরম নেই বললেও চলে। জানিয়েছেন প্রচণ্ড বাতাস। হালকা গরম। আসলে বেঙ্গালুরুতে দিনের বেলায় গরম হলেও রাতে ঠান্ডা থাকে। জুনের আবহাওয়া এমনটাই দেখা গেছে আগে।

বেঙ্গালুরুর ইলেকট্রনিক শহরে এখন ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২১ জুন। শুক্রবার মধ্য রাতে স্বাগতিক শহরে উঠে গেছেন জামাল ভুঁইয়া, সজিব, সোহেল রানা, তপু বর্মন, জিকো, আলমগীর, সুমন রেজা, রহমত মিয়া, জনি, মোরসালিনরা। একটা হোটেলে উঠেছেন খেলোয়াড়রা। সেখান থেকে আরেকটা হোটেলে উঠবেন। আরো ভালো হোটেলে উঠবেন। যেটা মাঠের কাছাকাছি হোটেল হতে পারে। গতকাল ফুটবলাররা ফ্রি-ডে কাটিয়েছেন। ঐচ্ছিক অনুশীলন ছিল। কেউ হোটেল জিমে, কেউ সাঁতার কেটে। কেউ বিশ্রামে কাটিয়েছেন।

বৃহস্পতিবার কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ১-০ গোলে জয় নিয়ে ভারতের গেছে সাফে খেলতে। অন্তত আর যা-ই হোক, ফুটবলারদের মনে খুব একটা কষ্ট না থাকার মতো। কিছুই না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো। অন্যরা যেখানে আরো বেশি ম্যাচ খেলে নিজেদের তৈরি করছেন সেই তুলনায় বাংলাদেশ কিছুই করতে পারেনি।

দক্ষিণ এশিয়ার ফুটবলে এবারের সাফের বাইরের দল লেবানন এবং কুয়েত। লেবানন ভারতে এসে টুর্নামেন্ট খেলছে। ফাইনালে উঠে গেছে। আর ভারত আট বারের সাফ চ্যাম্পিয়ন হয়েও তারা এখনো কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও এই টুর্নামেন্টের পর মারদেকা কাপ ফুটবলে খেলবে ভারত। তাদের লক্ষ্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ভালো পারফর্ম করা। সেই লক্ষ্যে ভারত টানা তিন-চারটি টুর্নামেন্ট খেলছে। বসে ছিল না পাকিস্তান। ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছে পাকিস্তান। অনেক দিন নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তান এবার ইউরোপের ৯  প্রবাসী ফুটবলার নিয়ে সাফে খেলবে। একবারও সাফের ট্রফি না পাওয়া পাকিস্তানকে এবার ঠেকানো কঠিন হলেও তারা কাউকে ছাড় দেবে না সেটা জানিয়ে দিয়েছে। পাকিস্তানও মরিশাসের টুর্নামেন্ট খেলে ভারতে ঢুকবে।

বাংলাদেশের গ্রুপে লেবানন, মালদ্বীপ এবং ভুটান। ১০০ র‍্যাংকিংয়ের ভেতরে লেবানন, ৯৯ নম্বরে। মালদ্বীপ ১৫৪ নেপাল ১৭৪ এবং বাংলাদেশ রয়েছে ১৯২ নম্বরে। মালদ্বীপ নিজের দেশে অনুশীলন করেছেন ১০ দিন। তারপরই গেছে জাপানে। সেখান থেকে ভারতে আসবে।  জাতীয় ফুটবল দল নিয়ে অন্য দেশের ফেডারেশনের নির্ধারিত কমিটি থাকে তারা পরিকল্পনা করে। বাফুফের ঘরেও সে ধরনের কমিটি রয়েছে। ন্যাশনাল টিমস কমিটি। তারা লম্বা প্রস্তুতি না নিয়ে এক দুইটা ম্যাচ খেলে প্রস্তুতি নেয়।  আর ভারত, পাকিস্তান, মালদ্বীপ ভাবে আরো বড় কিছু করা যায় কীভাবে। যেটা কাজী নাবিলদের ন্যাশনাল টিমস কমিটি করতে পারে না।

ইত্তেফাক/এসএস