কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প-৮ ও ১০ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব, ৮ ও ১৬ এপিবিএন।
গ্রেপ্তাররা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক (২৭), আমির আলীর ছেলে মোহাম্মদ রহিম (২২), ক্যাম্প-১০ এলাকার শাবত আলীর ছেলে জিয়াবুল (৩১), শামসুল আলমের ছেলে ওমর ফয়সাল (২৭), সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৩৮), দিল মোহাম্মদের ছেলে হাফিজ (২৯), মৃত আবুল কাদেরের ছেলে মো. জুবায়ের (২৬), মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. রফিক সালাম (৩১), মৃত সিদ্দিকের ছেলে মো. আয়াজ (৩৬)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
