ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৫

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৮:১৬

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর আবারও বাড়ছে। এডিস মশাবাহিত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৩৪ জন। এসময়ে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো এক হাজার ১১৮ জনে।

রোববার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (১৭ জুন) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৩০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩২ জন ও ঢাকার বাইরের ৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১ থেকে ১৮ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চার হাজার ৯০৮ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ৮০৭ জন। আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে এক হাজার ১০১ জন।

অন্যদিকে, এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ৭৫৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ৯১০ জন এবং ঢাকার বাইরে ৮৪৬ জন। 

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয় এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

 

ইত্তেফাক/এসজেড