ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৪ ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ

আপডেট : ১৮ জুন ২০২৩, ২০:৩৬

মাদারীপুরে একটি মাদ্রাসা ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই প্রতিষ্ঠানের চারজন ছাত্রকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। রোববার (১৮ জুন) সকালে এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে মানববন্ধন করেছে। 

শিক্ষার্থীরা জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এদিকে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। 

জানা গেছে, মাদারীপুর তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার কয়েকজন ছাত্রীদের যাওয়া-আসার পথে প্রতিদিন উত্যক্ত করে আসছিল স্থানীয় কিছু বখাটেরা। এই উত্যক্তের প্রতিবাদ জানায় ওই মাদ্রাসার শিক্ষার্থী সিজান হাওলাদার (১৪), সিয়াম হাওলাদার (১২), ইব্রাহীম বেপারী (১৩) ও মুসা খান (১৫)। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে বখাটেরা। গত বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রতিবাদ জানানো শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ফয়সাল খন্দকার (২১), চাঁনমিয়া খন্দকার (২২), আসাদুল খন্দকার (২২), রাজু হোসেন (২১), রকিব খন্দকার (২৫) নামের আরও বেশ কয়েকজন বখাটে। এ সময় তারা শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় হাতুড়িপেটা করে আহত করে। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এ দিকে ভয়ে মাদ্রাসার যাওয়া বন্ধ রেখেছে অনেক ছাত্রী। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার সকালে মাদ্রাসার সামনে ব্যানার-ফেস্টুন হাতে প্রায় শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কর্মসূচি পালন করে। এ ছাড়াও মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তাদের অর্ধ-বার্ষিক পরীক্ষা বর্জন করে।

তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ওই মাদ্রাসার সুপার মো. ওমর ফারুক বলেন, মাদ্রাসার আশেপাশে মাঝেমধ্যে কিছু বখাটেরা দাঁড়িয়ে থাকে। যথাসাধ্য চেষ্টা করি প্রতিষ্ঠানের সামনে যেন তারা না থাকে।

পরীক্ষা বর্জনের বিষয়ে তিনি বলেন, আমরা মাদ্রাসা কমিটির সঙ্গে কথা বলে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, হাতুড়িপেটার ঘটনায় ফয়সাল, চাঁনমিয়া, আসাদুল, রাজু ও রকিবের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার। এ ব্যাপারে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই ঘটনায় বখাটেদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/পিও