রাজশাহীতে বৃষ্টিতে গোসল করতে বাসার ছাদে গিয়ে সাহাবুল নামের এক কলেজ শিক্ষার্থীর বজ্রপাতে মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) বিকাল ৫টার দিকে মহানগরীর হেতম খাঁ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত সাহাবুল রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মোহনপুর ভাতুড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, সাহাবুল বিকালে গোসল করতে হেতেম খাঁ এলাকার রাতের মায়া হোস্টেলের ছাদে গেলে সেখানে আকস্মিক বজ্রপাত তিনি গুরুতর আহত হন। পরে তাকে সহপাঠী ও স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহত শিক্ষার্থীর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হবে।
