সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে দেওয়া প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার আমতলা, জিরাবো, পুকুরপাড়, দুর্গাপুর ও পূর্বচালার বিভিন্ন মহল্লায় এ অভিযান চালানো হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে তিতাসের ৭০ জন শ্রমিক অংশ নেয়।
এলাকাবাসীর জানায়, কাঠগড়া এলাকার দুর্গাপুর ও পূর্বচালার বিভিন্ন গ্রামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, গ্যাসের চুলা ও রাইজারগুলো খুলে নেওয়া হয়।
তিতাস কর্মকর্তা আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, 'আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান চলবে। অবৈধ সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হবে।'
আরও পড়ুন: বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
অভিযানকালে তিতাসের উপ ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, কামরুল হাসান সেলিম, সাকিব বীন আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।
ইত্তেফাক/জেডএইচডি
