বিভিন্ন স্থানে বজ্রপাতে ছয় জনের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৩:৩৮

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। রবিবার ও শনিবার এসব ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

দাকোপ (খুলনা): খুলনার দাকোপে পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। এসময়ে আরো দুইজন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার  তিলডাঙ্গা ইউনিয়নের কাঁকড়া বুনিয়া এলাকার আজিজুল শেখসহ (৬৩) কয়েক জন মাছের ঘেরের রাস্তা মেরামতের কাজ করছিলেন। এ সময়ে বজ্রপাতে আজিজুলের মৃত্যু হয়। এছাড়া বটবুনিয়া বাজারসংলগ্ন ঢাকি নদীতে বাঁশের নৌকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দীন গাজী জানান। অপরদিকে সুতারখালী ইউনিয়নের ইউপি সদস্য নিমাই রায় ও মহাসিন শেখ জানান, কয়েকটি নৌকা কালাবগী নদীতে নেটজাল পেতে রেণু পোনা আহরণ করছিলেন। ঝড়ের সময়ে নৌকাগুলো একত্রে নদীর তীরে অবস্থান নেয়। এসময়ে বজ্রপাতে সুজিত নামে একজনের মৃত্যু হয়। এতে একই এলাকার আনিস গাজি ও ইসমাইল গাজি আহত হয়। দাকোপ থানার ওসি উজ্জল কুমার দত্ত বলেন বজ্রপাতে তিন জনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। 

রাজশাহী: বৃষ্টিতে গোসল করতে বাসার ছাদে গিয়ে বজ্রপাতে সাহাবুল নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে মহানগরীর হেতম খাঁ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত সাহাবুল রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারকে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগরে নিজবাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথিমধ্যে বজ্রপাতে শ্রীনিবাস বৈদ্য ওরফে অঙ্কুর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বরিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী গ্রামে বিলের মধ্যে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের পরিমল বৈদ্যের ছেলে। শ্যামনগর থানার ওসি মুহাম্মদ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

ফুলপুর (ময়মনসিংহ): ফুলপুরে বজ পাতে মোস্তফা (৫৫) নামে একজনের মৃত্যু হয়ে হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের বাশুয়া কবিরপুর গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ পাতে তার মৃত্যু হয়। মোস্তফা ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।  ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএইচপি