মাদারীপুরের কালকিনির শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সিরাজ মালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে রোববার (১৮ জুন) ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, সিরাজ মাল শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করছেন। টি আর প্রকল্পের কাজ নিজের মতো করে বাস্তবায়ন করছেন। মেম্বারদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এবং তাদের নাম ব্যবহার করে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মৎস কার্ড ধারি জেলেদের কয়েক মাসের বরাদ্দের চাল থেকে এক হাজার ৬২৫ কেজি চাল আত্মসাৎ করেছেন। তার এসকল অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গেলে ইউপি সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন। তার এমন স্বেচ্ছাচার আচরণে ক্ষুব্ধ হয়ে ১২ জন ইউপি সদস্য সরকারি সকল বরাদ্দ স্থগিত রাখার জন্য ও সঠিক সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে সঠিক কোনো সমাধান না হলে ইউপি সদস্যরা পরিষদের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ইউপি সদস্য আ. রাজ্জাক মাল বলেন, আমরা চেয়ারম্যানের এ সকল অনিয়ম কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রয়োজনে সংবাদ সম্মেলন করবো।
অভিযুক্ত শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ মাল বলেন, আমার নামে ১২ জন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন জেনে আমি আজ ঢাকা থেকে এসেছি। দেখি তারা আমার বিরুদ্ধে কী অভিযোগ দিয়েছেন আমি এখন কিছু বলতে পারবো না।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
