রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেছেন, গুণীজনকে সম্মান জানালে সম্মান বাড়ে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মানুষগুলোকে সম্মান জানানোর মধ্য দিয়ে তাদের ভালো কাজগুলোর যেমন মূল্যায়ন হয়, তেমনি গুণীজনের উপদেশ নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে অনেক সহযোগিতা পাওয়া যায়।
রবিবার বিকেলে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার ১ম বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা, স্মরণিকা প্রকাশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী এসব কথা বলেন।
ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অরুপ মুৎসুদ্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রকাশনা সচিব নাসির উদ্দিন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ একেএম মকছুদ আহমদ, সাংবাদিক সুনীল কান্তি দে, সুর নিকেতনের পরিচালক ওস্তাদ মনোজ বাহাদুর গুর্খা।
সম্মাননা প্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মো. কাজল, ব্যবসায়ী মৃদুল কান্তি দে, বালুখালী ইউনিয়ন চেয়ারম্যান বিজয় গিরি চাকমা, শিক্ষিকা পূর্ণিমা বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সংকটময় মুহুর্তে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি সামাজিকভাবে যেসব কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন পৌর মেয়র।
ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার ১ম বর্ষপূর্তি উপলক্ষে এবার বিভিন্ন ক্যাটাগরিতে ৯জনকে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভা শেষে রাঙ্গামাটি সুর নিকেতন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/কেকে
