শাজজালালে পুলিশ পরিচয়ে ডলার প্রতারণা, প্রতারক আটক

আপডেট : ১৯ জুন ২০২৩, ১১:০৭

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর সঙ্গে ডলার এন্ডোর্সমেন্টের মাধ্যমে প্রতারণার সময় হাতে নাতে  এক যুবককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার( ১৮ জুন) রাতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক  এ বিষয়ে নিশ্চিত করেছেন।

আটক ইমন সরদার (২৪) রাজবাড়ি জেলার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক জানান, প্রতারক ইমন সরদার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিঃগমন টার্মিনালে অবস্থান করছিলেন। এরপর দুবাই প্রবাসী দুই যাত্রী মো.রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করছিলেন ইমন। এ সময় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয়।  এসময় তার পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের একটি ব্যাগ রয়েছে। এমনকি তার চলাফেরাতেও সন্দেহজনক হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়।

মো. জিয়াউল হক জানান, এরপর ইমনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রতারণার বিষয়টি শিকার করেন। এসময় তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা ও  ডলার এন্ডোর্সমেন্ট সিল উদ্ধার করা। সিলে ভাই ভাই মানি চেঞ্জার লিমিটেড লেখা ছিল। এছাড়া তার কাছ থেকে একটি পুলিশের কাঁধ ব্যাগ এবং মোবাইল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ।

ভুক্তভোগীদের অভিযোগ, এয়ার এরাবিয়া বিমানযোগে যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর বিকেলের ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের পাসপোর্টে ৫শ ডলারের ভূয়া সিল থাকায় তারা দুবাই যেতে পারেননি।

ইত্তেফাক/আরএজে