অবৈধ বাণিজ্যিক দোকান ভাঙলো রাজউক

আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭:৪৮

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের পার্কিং-এ অবৈধ বাণিজ্যিক দোকান ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (১৯ জুন) দুপুরে এ অভিযান শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। জোন- ৫/৩ এর আওতাধীন নাজিরা বাজারের ৫৯, ৫৯/১ কাজী আলাউদ্দিন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকশা বহির্ভূত নির্মাণাধীন ১টি বহুতল ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে ফেলা হয় এবং ভবনের মালিককে ৫ (পাঁচ) লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। ভবনটির পার্কিং-এ অনুমোদনহীন বাণিজ্যিক দোকান নির্মাণ ও ছাদ বর্ধিত করা হয়েছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামসুল হক বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৫/৩ এর আওতাধীন পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রাজউক থেকে অনুমোদন নেয়া এমন নকশা বহির্ভূত যে ভবন পেয়েছি, সেটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

এসময় রাজউকের জোন-৫/৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামসুল হক, অথরাইজড অফিসার রংগন মন্ডল, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসসি