রাজবাড়ীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ২

আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭:৫৮

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জুন) সকালে উপজেলার ট্যাম্পু স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ট্যাম্পু স্ট্যান্ড অবস্থান কর্মসূচি পালন করছিলো। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের শুরু হয়।

এতে উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ (৩০)  ও পথচারী বালিয়াকান্দি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানিম প্রামাণিক (২২) গুরুতর আহত হয়। পরে নাজমুলকে রাজবাড়ী সদর হাসপাতাল ও তানিম প্রামাণিককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. রাকিব বিল্লাহ বলেন, ১৬ জুন উপজেলা ছাত্রদলের কমিটি হয়। সেই উপলক্ষে সোমবার সকালে ওয়াপদার মোড় থেকে আনন্দ মিছিল বের হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে আমাদের সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও