জয় দিয়ে এশিয়া সফর শেষ করলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা 

আপডেট : ১৯ জুন ২০২৩, ২০:৪৭

এশিয়া সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। লিওনেল মেসির নৈপুণ্যে সাকারুদের হেসে খেলা হারায় বিশ্বচ্যাম্পিয়নরা। আজ (সোমবার) দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এই ম্যাচে দলের বড় তারকা মেসিকে ছাড়াই মাঠে নামে আলবিসেলেস্তারা। মেসিকে ছাড়া খেলতে নেমে কিছুটা বিপাকে পড়ে আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় দিয়ে এশিয়া সফর শেষ করলো লিওনেল স্কালোনির শীষ্যরা।  

ম্যাচের শুরু থেকে বল নিজদের নিয়ন্ত্রণে রাখলেও ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। বেশকিছু আক্রমণ করলেও বল জালে জড়াতে ব্যর্থ হয় লিওনেল স্কালোনির শীষ্যরা।

তবে ম্যাচে ৩৮ মিনিটে ডেড লক ভাঙেন পারেদেস। ডি বক্সের বেশ দূর থেকে জোরালো শটে বল ইন্দোনেশিয়ার জালে জড়ান এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। 

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। দ্বিতীয় গোলের দেখা পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৫৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোমেরোর গোলে ২-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 

 

ইত্তেফাক/জেডএইচ