জনপ্রতিনিধির কাজ সেবা করা, হুমকি দেওয়া নয়: হাইকোর্ট

আপডেট : ২০ জুন ২০২৩, ০১:০৬

সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব মো. তাজকিন আহমেদ চিশতীকে দায়িত্ব বুঝিয়ে দিতে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে তলব আদেশে হাইকোর্টে হাজির হন কাজী ফিরোজ হাসান। একই সঙ্গে তিনি নিঃশর্ত ক্ষমা চান। এ পর্যায়ে হাইকোর্ট উষ্মা প্রকাশ করে বলেন, আদালতের আদেশ অমান্য করলে শাস্তি দেওয়া হবে। জরিমানা করা হবে। মেয়রকে বরখাস্তের স্থগিতাদেশ আগেই পেয়েছেন। তাহলে ব্যাংকে চিঠি দিয়ে হুমকি দিলেন কেন? এগুলো তো ভালো লক্ষণ নয়। আপনি জন প্রতিনিধি। জনপ্রতিনিধির কাজ মানুষের সেবা করা, হুমকি দেওয়া নয়।

কাজী ফিরোজ হাসান বলেন, ছয় মাস ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন না পাওয়ায় ব্যাংকে নোটিশ দিয়েছিলাম। আদালত বলেন, তার জন্য তো আপনিই দায়ী। চার-পাঁচ মাস ধরে ক্ষমতা দখল করে আছেন। আপনি কী মেয়র যে, আপনার কথায় ব্যাংক টাকা দেবে? আপনার কারণে কর্মচারীরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর আগামী ১৬ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখে মেয়র তাজকিন আহমেদকে পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ও মেয়র তাজকিনের পক্ষে মো. তানভীর আহমেদ শুনানি করেন।

প্রসঙ্গত গত ৬ ফেব্রুয়ারি মেয়র তাজকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে আর্থিক ক্ষমতাসহ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। বরখাস্ত ও আর্থিক ক্ষমতার আদেশ ১৪ ফেব্রুয়ারি স্থগিত করে হাইকোর্ট। কিন্তু ফিরোজ হাসান আদালতের আদেশ লঙ্ঘন করে ভারপ্রাপ্ত মেয়র দাবি করে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে হাইকোর্টে অভিযোগ করা হয়।

ইত্তেফাক/এএইচপি