দৌলতপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে মোবাইল কোর্টে গিয়ে যমুনা নদীতে রাইফেল হারিয়ে ফেললেন দৌলতপুর থানার এক পুলিশ সদস্য। রাইফেল হারিয়ে ফেলা ঐ পুলিশ সদস্যের নাম আল আমিন।
গতকাল সোমবার দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন। এতে নদীর পাড় ও আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মেশিনটি জব্দ করেন। কিন্তু ঐ মোবাইল কোর্ট পরিচালনার সময় দৌলতপুর থানার এক পুলিশ সদস্য আল-আমিনের ব্যবহূত রাইফেলটি হাত ফসকে যমুনা নদীর পানিতে পড়ে হারিয়ে যায়।
বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন বলেন, মোবাইল কোর্টে বাচ্চু মিয়ার অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় এক পুলিশ সদস্যের রাইফেল নদীতে পড়ে গিয়েছিল, এখন খোঁজাখুঁজি চলছে। সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকারের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
