ঘিওরে অবশেষে বন্ধ হলো খেলার মাঠ দিয়ে বালু পরিবহন

আপডেট : ২০ জুন ২০২৩, ০৭:০২

‘নিয়ম ভেঙে বালু উত্তোলনে ঝুঁকিতে স্থাপনা’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের দিনই প্রশাসন বন্ধ করে দিল খেলার মাঠ দিয়ে বালু পরিবহন। গত রবিবার বিকাল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকতা হামিদুর রহমানের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন অভিযান চালিয়ে খেলার মাঠের ওপর দিয়ে বালু পরিবহনের ট্রাকের চলাচল বন্ধ করে দেন।

জানা যায়, উপজেলা ডিএনপাইলট উচ্চ বিদ্যালয়ের (কেন্দ্রীয়) খেলার মাঠের ওপর দিয়ে নদী থেকে উত্তোলিত বালু খোলা অবস্থায় নেওয়া হতো ডাম্প ট্রাকে। ধুলা?বালিতে পথচলা হয়ে পড়েছিল কষ্টকর। খেলার মাঠ ২৫ ফুট সংকুচিত করে তৈরি করা হয়েছিল বালুর ট্রাকের রাস্তা। ভারী যানবাহনের কারণে ঘিওর সদরের প্রধান সড়কে সৃষ্টি হয়েছে গর্ত, খানাখন্দ। স্কুল ও কলেজের ক্লাসরুম বালুতে মাখামাখি হয়ে থাকত। ট্রাক চলায় মাঠ দেবে যায়। ঝুঁকির কারণে খেলাধুলা করতে পারছিল না শিশু-কিশোররা। হুমকির মুখে পড়েছিল গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা। এ নিয়ে রবিবার দৈনিক ইত্তেফাক পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলা প্রশাসন বাঁশের বেড়া দিয়ে আটকিয়ে দেয় ট্রাক চলাচলের রাস্তা। সেঁটে দেন ‘খেলার মাঠ দিয়ে বালু পরিবহন নিষেধ’ সাইনবোর্ড।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, খোলা ট্রাকে বালু পরিবহন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পরিবেশ দূষণ করছে। এ ছাড়া? বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহার করে বালু বহন শাস্তিযোগ্য অপরাধ। মাঠ ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাক চলাচলের রাস্তা।

ইত্তেফাক/এএইচপি