উত্তপ্ত পরিস্থিতেই রয়েছে বাফুফে। মাঠের ফুটবল নিয়ে আলোচনার চেয়ে বাইরের আলোচনায় ভরা। সমালোচনা যেন ঘিরে ধরছে বাফুফেকে। আচমকাই খবর এসেছে বাফুফের হিসাব বিভাগ থেকে পদত্যাগ করেছেন আবু হোসেন। সঙ্গে আরো এক জনের পদত্যাগের কথাও প্রকাশ পেয়েছে। তিনি ম্যানেজার অপারেশন্স মিজানুর রহমান।
দুই জনের পদত্যাগের কথা জানিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি জানিয়েছেন, মিজানুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন ১৫ জুন। আর প্রধান হিসাব কর্মকর্তা আবু হোসেন অসুস্থতার কথা বলে পদত্যাগপত্র দিয়েছেন ৫ জুন।’
ফিফা যে অনিয়মের কথা বলে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। সেই অভিযোগগুলো আরো গভীরভাবে খতিয়ে দেখতে বাফুফে কাজী নাবিলকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্তের আওতায় ছিলেন আবু হোসেন।
