সৌদির রাজকীয় অতিথি হিসেবে হজে যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট : ২১ জুন ২০২৩, ১৭:৪৫

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে শুক্রবার সৌদি আরব যাবেন। বুধবার (২১ জুন) প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সেদিন দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে। সময়সূচী অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) জেদ্দায় অবতরণ করবেন রাষ্ট্রপ্রধান। সেখানে তিনি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন।’

হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর মাজার জিয়ারতের জন্য মদিনা যাবেন। হজ ও জিয়ারত পালনে সৌদি আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানে ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

ইত্তেফাক/এসজেড