এডজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে মন্থর গতির বোলিংয়ের দায়ে শাস্তির মুখে পড়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলই। দুই দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে উভয় দলের ২টি করে পয়েন্ট কাটা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিবৃতিতে এ কথা জানিয়েছে।
আইসিসি আচরণ বিধির ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ে দুই করে ওভার কম বোলিং করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দলের প্রতিটি ক্রিকেটারকে ওভার প্রতি ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। দুই ওভারের জন্য ৪০ শতাংশ জরিমানা করা হয়। এছাড়াও, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের আর্টিকেল ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতিটি ওভার কম করার জন্য এক পয়েন্ট জরিমানা করা হয়। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে কাটা হবে।
দুই দলকে শান্তি দেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ইংল্যান্ডের বেন স্টোকস শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ২টি করে পয়েন্ট কেটে নেওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১০। আর ইংল্যান্ডের পয়েন্ট এখন - ২। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ২ উইকেটে হারায় ইংল্যান্ডকে। আগামী ২৮ জুন থেকে লর্ডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
