জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলায় ৬ আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২১ জুন) জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ এ আদেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন বালগ্রাম সাধুরপাড়া এলাকার মৃত বাচ্চু খাজার ছেলে মো. কফিল উদ্দিন (৫৫), দক্ষিণ কুতুবের চর গ্রামের সিরাজের ছেলে মো. ফজলু মিয়া (৩৫) ও মো. শহিদ (৪০), মোল্লাপাড়া মসজিদপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল (৩৫), সর্দারপাড়া মেরুরচর গ্রামের মো. আব্দুল করিমের ছেলে মো. ওহিদুজ্জামান (৩০) ও কামালের বার্তী এলাকার মৃত জসি শেখের ছেলে জাকিরুল ইসলাম (৩৫)।
জামালপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আরমান আলী বলেন, গ্রেপ্তার ১৩ আসামির মধ্যে ৬ আসামি ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
এর আগে ১৮ জুন সাংবাদিক নাদিম হত্যা মামলার গ্রেপ্তার আসামীদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ ৬ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
