পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করেলো হট ফেভারিত ভারত। বুধবার (২১ জুন) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক ভারত। অধিনায়ক সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০ গোল হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করলো ভারত।
ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ভারত। ম্যাচের ১০ মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। ছেত্রীর গোলে লিড পায় তারা। এরপরও পাকিস্তানের দূর্গে আক্রমণ অব্যাহত রাখে ইগোর স্টিমাচের শীষ্যরা।
ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি পায় ভারত। সেখান থেকে গোল করে ভারতের লিড বাড়িয়ে দেন সুনীল। এরপর ব্যবধান কমানোর লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করে পাকিস্তান। তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।
বিরতি থেকে ফিরেও আক্রমণ অব্যাহত রাখে ভারত। ম্যাচের ৭৪ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ছেত্রী। এরপর ম্যাচের ৮১ মিনিটে উদান্তা কুমাম গোল করেন। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
