বজ্রপাতে দুই ভাইসহ ছয় জনের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২৩, ০৩:০০

পৃথক স্থানে বজ্রপাতে বুধবার দুই ভাইসহ ছয় জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

রাণীনগর (নওগাঁ) :রাণীনগরে দুপুর পৌনে ১২টায় বজ্রপাতে দুই ভাই সামিউল আলম (১০) ও রিফাত হোসেনের (৩) মৃত্যু হয়েছে। উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ঐ গ্রামের লাভলু ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা জানান, বৃষ্টি আসার আগে বাড়ির উঠানে খেলছিল সামিউল ও রিফাত। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোপালপুর (টাঙ্গাইল) :গোপালপুরে বজ্রপাতে দুই জন মারা গেছেন। দুপুরে ঝড়বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন কৃষক ফজলুল হক (৫০)। তার বাড়ি নগদাশমিলা ইউনিয়নের বাইশকাইল গ্রামে। অন্যদিকে, বিকাল ৫টায় মাঠে ঘাস কাটতে গেলে বজ্রপাতে মারা যান আবুল কাশেম (৪০) নামের এক ব্যক্তি। তার বাড়ি উত্তর পাথালিয়া গ্রামে। গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ :সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। নিহত মাহমুদুল হক রিয়াদ (২১) আব্দুল আজিজের ছেলে। কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর জানান, বিকাল ৩টার দিকে রিয়াদ বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভ্রাম্যমাণ প্রতিনিধি :ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বরিশখালী গ্রামে বজ্রপাতে গোলাম মহম্মদ (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। দুপুরে এ ঘটনা ঘটে। হরিণাকুণ্ডু থানার ওসি মো. আবু আজিফ জানান, খেতে কাজ করার সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে গোলাম মহম্মদ মাঠেই মারা যান।

ইত্তেফাক/এমএএম