নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অদিতা হত্যা মামলার একমাত্র আসামি তার সাবেক গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
নোয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম বুধবার (২১ জুন) ওই শিক্ষতের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন।
নিহত তাসনিয়া হোসেন অদিতা (১৪) একই এলাকার আবুল খায়ের পেশকার বাড়ির মৃত রিয়াজ হোসেনের মেয়ে।
এর আগে সকালে অভিযুক্ত ৩০ বছর বয়সী আবদুর রহিম রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মামুনুর রশিদ লাভলু বলেন, জেলা শহরের চাঞ্চল্যকর অদিতা হত্যা মামলায় একমাত্র অভিযুক্ত সাবেক গৃহশিক্ষক আবদুর রহিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আসামিপক্ষ মামলা থেকে অব্যাহতি চাইলে আদালত তা নামঞ্জুর করেন। মামলার বাদী ও প্রধান সাক্ষী নিহত অদিতার মায়ের সাক্ষ্য গ্রহণের জন্য ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আদালতে অভিযোগ গঠনের সময় মামলার বাদী নিহতের মা রাজিয়া সুলতানার পক্ষে আইনজীবী এমদাদ হোসেন কৈশোর ও নূর আলম জিকু আদালতে উপস্থিত ছিলেন।
অদিতি মা রাজিয়া সুলতানা রুবি বলেন, আমার স্কুলপড়ুয়া মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুরের নিজ বাসায় স্কুলছাত্রী অদিতি খুন হয়। এ ঘটনার পর পুলিশ অদিতির সাবেক গৃহশিক্ষক আবদুর রহিমসহ চারজনকে গ্রেপ্তার করে।মামলাটি তদন্ত শেষে বুধবার ( ২১ জুন) সাবেক গৃহশিক্ষক রহিমকে একমাত্র অভিযুক্ত করে এবং অন্যদের অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
