ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে গতকাল। আর বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে আজ। দেশের ফুটবল পাগল মানুষগুলো না চাইলেও সাফের দিকে চোখ রাখেন। আশা-নিরাশার দোলায় দুলছে এবারের সাফ। ইতিহাসে সবচেয়ে কঠিন সাফ হচ্ছে এবার। কুয়েত লেবানন আমন্ত্রণ পেয়ে তারাও সাফের রূপালি ট্রফির দিকে পাখির চোখ রাখছে। ভারতের পকেটে আটটা ট্রফি হলেও কুয়েত লেবানন ভারতের পকেট থেকে ট্রফি বের করে নিয়ে যেতে চায় উপমহাদেশের বাইরে। সেই লড়াইয়ে লেবানন-বাংলাদেশ মুখোমুখি হবে আজ। নিজেদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে বিকাল ৪টায় বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে।
লেবাননের সার্বিয়ান কোচ আলেকসান্ডার ইলিচ আগেই জানিয়ে দিয়েছেন তারা বাংলাদেশে সম্পর্কে ভালোভাবে পড়াশুনা করেই সাফে খেলতে এসেছেন। কোচের এই একটা কথায় অনেক কিছু ইঙ্গিত মেলে। লেবানন র্যাংকিংয়ে বাংলাদেশ অনেক নিচের দেশ হলেও তারা জামাল ভূঁইয়াদেরকে সমান শক্তির দল মনে করছে।
জামাল ভূঁইয়ারা আজকের প্রথম খেলাটাকে শুধু একটা খেলা হিসাবেই ধরেনি। তারা এটাকে ফাইনাল ম্যাচ ধরে লেবাননের বিপক্ষে মাঠে নামবে। অধিনায়ক জামাল ভূঁইয়ার কথায় এমনটাই স্পষ্ট। জামাল বললেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ভালো খেয়েছি। ভালো অনুশীলন করেছি। এবার ফাইনাল পরীক্ষা। ফাইনালে পাশ করতে চাই।’ ফাইনাল বলতে জামাল লেবাননের বিপক্ষে ম্যাচটাইকে বুঝিয়েছেন। কারণ লেবানান শুধু নিজেদের গ্রুপে মালদ্বীপ, ভুটানের চেয়ে এগিয়ে না, পুরো সাফে এই লেবানন র্যাংকিংয়ে এগিয়ে থাকা দেশ। তাদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা অলিখিত ফাইনাল। জামাল বললেন, ‘আমাদের চেয়ে র্যাংকিংয়ে লেবানান ৯০ ধাপ ওপরে। আমরা জানি কঠিন ম্যাচ। লেবানন শক্তিশালী দল। তাদের বিপক্ষে জয় পাওয়াটা এতো সহজ হবে না। ফাইনাল এক্সাম মানে হচ্ছে অবশ্যই জিততে চাই। আর যদি সেটা না হয় তাহলে খুশি হবো এক পয়েন্ট পেলে। তবে আমাদের টার্গেট হবে ৩ পয়েণ্ট।’
গতকাল বিকালে অনুশীলনে নামার আগে বেঙ্গালুরুতে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। লেবানান আরো আগেই ভারতে গিয়েছি। সেখানে চার জাতি ফুটবল টুর্নামেন্ট খেলেছে। ইন্টারকন্টিনেন্টাল ফুটবল টুর্নামেন্ট ভারতের বিপক্ষে দুই বার খেলেছে। এর মধ্যে একবার ফাইনাল। হারলেও তারা দারুন প্রস্তুতি নিয়েছে। ভারতের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এবং ভারতের খেলোয়াড়দের বিপক্ষে খেলে উপমহাদেশের ফুটবলারদের মানসিকতাটাও বুঝে নেওয়ার চেষ্টা করেছে লেবানন। তবে জামাল অন্যদিকটা দেখছেন। তার মতে লেবানন ১২ দিনে চারটা ম্যাচ খেলে ক্লান্তি অনুভব করবে। সেটা নাকি জামালদের জন্য প্লাস পয়েন্ট। জামাল বলছিলেন ১২ দিনে ৪ ম্যাচ খেলা সহজ না। ওরা ক্লন্ত। এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ।’
এসব দিকে না তাকিয়ে জামালদের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা দেখছেন অন্যকিছু। তিনি নিজেদের দিকে তাকাচ্ছেন। সোজাসাপ্টা কথা হচ্ছে আমি এইটুকু প্রমিজ করে বলতে পারি ছেলেরা যতটুকু প্রস্তুতি নিয়েছে তারা মাঠে নেমে ১০০ ভাগ ঢেলে দিতে পারবে। বাকিটা ভাগ্যের ব্যপার।’
প্রশ্নে প্রশ্নে লেবানন সম্পর্কে বলতে বাধ্যই হলেন হ্যাভিয়ের কাবরেরা। ‘আমরা তিন পয়েন্টের জন্যই নামব। এটাও মনে রাখতে হবে প্রতিপক্ষের নাম লেবানন।’ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে কথায় মিল রেখে হ্যাভিয়ের কাবরেরা বললেন, ‘কমপক্ষে ১ পয়েণ্ট পেলেও আমরা খুশি। আমরা প্রস্তুত এক পয়েন্টের জন্য।’ আগের দিন ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগল স্টিমাচ একটা কথা বলেছিলেন, ‘এখানে ফিফার র্যাংকিং কোনো কাজে আসবে না। কে কতটা ভালো খেলে জয়টা তুলে নিয়ে গেল, সেটাই মুখ্য।’
ব্রাজিল ২০১৪ বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে লেবানন ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। পরের ম্যাচে বাংলদেশ ২-০ গোলে লেবানকে হারিয়েছিল। মিঠুন চৌধুরী এবং এমিলি গোল করেছিলেন।
