চট্টগ্রামের আনোয়ারায় কাঁঠাল খাওয়াকে কেন্দ্র করে আট বছরের এক শিশুকে গরম চামচের ছ্যাকা দেওয়ার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ জুন) রাতে উপজেলার মাঝরপাড়া এলাকায় এ ঘটনায় ২১ বছর বয়সী অভিযুক্ত সৎ মা নাহিদা সুলতানা অনিকাকে আটক করেছে পুলিশ।
দগ্ধ শিশু আমিজবাহ আকতার একই এলাকার মোহাম্মদ ফারুকের মেয়ে।
ভুক্তভোগী শিশু আমিজবাহ বলে, আমার আব্বু বাজারে যাওয়ার পর আরেক জনের কাঁঠাল খাওয়ায় মা আমাকে গরম চামচ দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় ছ্যাকা দিছে এবং গলা টিপে ধরে দেওয়ালের সঙ্গে ধাক্কা দেয়।
প্রতিবেশির বরাতে আনোয়ারা থানার ওসি মির্জা মুহাম্মদ হাছান জানান, মিজবার মায়ের মৃত্যু হলে আবারও বিয়ে করেন তার বাবা মোহাম্মদ ফারুক। প্রথম থেকেই ছোটো-ছোটো ইস্যু নিয়ে তার ওপর অত্যাচার করা হতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পাশের ভাড়াটিয়ার বাসায় কাঁঠাল খাওয়ায় গরম চামচের ছ্যাকা দেয় সৎ মা আনিকা। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
ওসি জানান, খবর পেয়ে বটতলীর বাসা থেকে অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। শিশুটির নানা সিরাজুল ইসলামের এজাহার ভিত্তিতে আটক নারীর বিরুদ্ধে শিশু আইন, ২০১৩ মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
