৯ বছর পর সংবাদ সম্মেলনে কথা বলবেন মোদি

আপডেট : ২২ জুন ২০২৩, ১৭:০৮

রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি সাধারণত সংবাদ সম্মেলনে অংশ নেন না। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিতে রাজি হয়েছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা-সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিতে রাজি হয়েছেন। সাংবাদিকদের দুটি প্রশ্নের উত্তর দেবেন তিনি।

নরেন্দ্র মোদি সাধারণত সংবাদ সম্মেলনে অংশ নেন না। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর গত ৯ বছরে তিনি একটিও সংবাদ সম্মেলনে কথা বলেননি। ২০১৯ সালের মে মাসে তিনি একটি সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি। সে কারণে আজকের সংবাদ সম্মেলনে মোদির যোগ দেওয়াকে ‌‘বড় ঘটনা’ বলছেন মার্কিন কর্মকর্তারা।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে প্রধানমন্ত্রী মোদি সফর শেষে একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে সম্মত হয়েছেন। আমরা মনে করি সংবাদ সম্মলেন যোগ দেওয়া গুরুত্বপূর্ণ এবং আমরা আনন্দিত যে তিনিও মনে করেন এটি গুরুত্বপূর্ণ।’

অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে হোয়াইট হাউসে সংবাদ সম্মলেন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আগে থেকেই কয়েকজন সাংবাদিককে নির্বাচিত করেছে হোয়াইট হাউস।

ইত্তেফাক/এএইচপি