চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাঙ্কলের চোটে পড়েন নেইমার। এরপর থেকে মাঠের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। মাঠে ফিরতে সর্বশেষ পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। এরই মাঝে সন্তানসম্ভবা প্রেমিকার সম্পর্কের অবনতি ঘটেছে নেইমারের। আর তাই বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ চিঠি লিখেছেন এই তারকা ফুটবলার।
এর আগে গত ১৯ এপ্রিল নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে সন্তান সম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। সেই পোস্টে নিজের ‘বেবি বাম্প’ শেয়ার করা ছবিতে ছিলেন নেইমারও। এর ভেতরই কয়েকদিন আগে নেইমারের বিরুদ্ধে আরেকজন নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠে।
সে অভিযোগ স্বীকার করে ইনস্টাগ্রামে খোলা চিঠিতে প্রেমিকা ব্রুনার কাছে ক্ষমা চেয়েছেন নেইমার। নিজের ভুল স্বীকার করে তিনি লিখেন, 'আমি একটি ভুল করেছি। আমি তোমার সঙ্গে একটি ভুল কাজ করেছি। আমি স্পষ্টভাবে বলতে পারি, আমি প্রতিদিন মাঠে ও মাঠের বাইরে অসংখ্য ভুল করি। কিন্তু আমি আমার ব্যক্তি জীবনের ভুলগুলো ঘরেই আটকে রাখি। আমার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে এবং আমার বন্ধুদের সঙ্গেও। এসবই আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিটির জীবনে প্রভাব ফেলছিল। যে নারীটিকে আমি আমার পাশে নিয়ে চলার স্বপ্ন দেখেছি, সে আমার সন্তানের মা। এটা তার পরিবারের কাছে পৌঁছে গেছে, যেটা এখন আমারও পরিবার।'
নেইমার আরও লিখেন, 'ব্রুনা, নিজের ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। অকারণে যে গুঞ্জন চলছে সে জন্য। কিন্তু আমি সবার সামনেই স্বীকার করছি, ব্যক্তিগত কোনো বিষয় যখন সামনে চলে আসে, তখন সে বিষয়ে সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। অবশ্যই সন্তানের প্রতি আমাদের ভালোবাসা এবং যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, তাতে সফল হতে পারব। একে অপরের প্রতি ভালোবাসাই আমাদের আরও শক্তিশালী করবে।'
এই তারকা ফুটবলার লিখেন, 'ব্রুনা, আমি এটা তোমাদের (বিয়ানকার্দি এবং সন্তান) জন্য করছি। অসমর্থনীয় বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করছি। এটা করার প্রয়োজন ছিল না। কিন্তু তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।'
