দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৯ জন মারা গেলেন। একই সময়ে আরও ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ৩৬৯ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর ২৭৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৯১ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ছয় হাজার ২৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় চার হাজার ৮৯৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৩৯৪ জন রয়েছেন।
একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত রোগী চার হাজার ৮৯৭ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী তিন হাজার ৮২০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৭৭ জন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান মোট ২৮১ জন।
