রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার পিস ইয়াবাসহ ফরিদ মিয়া (৩৮) নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (২২ জুন) সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।
ফরিদ কক্সবাজারের টেকনাফ থানার মৃত আব্দুল কাদেরের ছেলে।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে এপিবিএনের একটি গোয়েন্দা দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নজরদারি করছিল। সকাল ১০টার দিকে সেখানে ফরিদ মিয়াকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখলে গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে এপিবিএন অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের কথা স্বীকার করে তার কাছে থাকা কালো রঙ এর একটি ব্যাগ থেকে ৩ হাজার পিস ইয়াবা বের করে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
