রাজধানীর গেণ্ডারিয়ার দীননাথ সেন এলাকায় দুই বছরের এক শিশুকে তিনতলার বারান্দা থেকে ফেলে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় একমাত্র আসামি জান্নাতুল ওয়াইশ ওরফে নাহিদকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের এপিপি সালাহ্উদ্দিন হাওলাদার এ বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী শিশুটির বাবা মো. ইদ্রিস। তিনি বলেন, ‘আমার ছোট মেয়েটাকে তিনতলা থেকে ফেলে হত্যা করেছে। তার সাজা হয়েছে আমৃত্যু কারাদণ্ড। আমরা তার ফাঁসি চাই। এ রায় আমরা মানি না। আমরা উচ্চ আদালতে যাব। আপিল করব।’ রায় শুনে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দীননাথ সেন রোডের ৫৩/১/ছ নম্বর চারতলা বাড়ির পাশে টিনশেড বস্তিতে মা-বাবা ও তিন বোনের সঙ্গে থাকত দুই বছরের শিশু আয়েশা। ২০১৯ সালের ৫ জানুয়ারি বাসায় গ্যাসসংযোগ না থাকায় বিকালে আয়েশার মা পাশের বাসায় রান্না করতে যান। তখন আয়েশা রুমেই ছিল। এক পর্যায়ে আয়েশার মা রুমে আসেন। তখন মেয়েকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়েন। সন্ধ্যার পর আশপাশের মানুষের চেঁচামেচি শুনে ছুটে যান বাসার পাশের গলিতে। সেখানে গিয়ে দেখেন ময়লার ট্রলির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার মেয়ে। দ্রুত উদ্ধার করে আয়েশাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
