যদি জেতার জন্য খেলতে চাইত জিততে পারত: আলফাজ আহমেদ

আপডেট : ২৩ জুন ২০২৩, ১০:৫৩

লেবাননের বিপক্ষে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা কি করতে চাইলেন সেটার নাকি কিছুই বুঝতে পারলেন না দেশের আরেক সাবেক তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদ। খেলোয়াড় পরিবর্তন করে খেলাটা নিয়ন্ত্রণে চলে আসছিল সেটাকে কাজে লাগাতে না পারার জন্য কোচকে দায়ী করেছেন আলফাজ। 

সুমন রেজা বসে থাকেন ক্লাব ফুটবলে। কিন্তু সুমনকে তুলে নিয়ে কেন রবিউলকে স্ট্রাইকার পজিশনে খেলিয়েছেন। আলফাজ প্রশ্ন করলেন, ‘রবিউল কি কখনো স্ট্রাইকার পজিশনে খেলেছেন? ইব্রাহিম, আমিনুর রহমান সজিব থাকার পরও কেন তাদেরকে না নামিয়ে রবিউলকে স্ট্রাইকার পজিশনে দেওয়া হলো। কোচ কি লিগের খেলা দেখেন না।’ 

আলফাজ বলেন, ‘বাংলাদেশ যদি জেতার জন্য খেলতে চাইত জিততে পারত। রবিউলের খেলার চেয়ে সুমন রেজা মাঠে দাঁড়িয়ে থাকলেও ভালো ছিল।’ 

আলফাজ দেখেছেন বাংলাদেশের আক্রমণে মূল শক্তি ছিলেন ফাহিম। আলফাজ বললেন, ‘দেখলাম ডান সাইডে ফাহিম আক্রমণ করছেন। ফাহিম একা আক্রমণ করছেন। আর বাম সাইডে কেউ নেই। কোনো আক্রমণ নেই। এটা কি কোচ দেখেননি যে, বাম দিকেও আক্রমণ বাড়াতে হবে। ফিনিশিং ছিল না। কোচ সেদিকে নজরই রাখেনি। অগোছাল ফুটবল খেলেছে। অ্যাটাকিং ফুটবল খেললে সাপোর্টিং দিতে হয়। উঠানামা করতে হয় সেটি কেন হলো না। কোচ মাঠের সাইডে দাঁড়িয়ে কী কাজ করলেন। কোনো কম্বিনেশন নেই। যেন আমরাই গোল করলাম। যদি রাকিবের কথা বলি, ইনজুরিতে থাকা ফুটবলার নিয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা যায় না। ইব্রাহিম এবং সজিবকে বসিয়ে রেখে কোচ কি ফায়দা তুললেন আমি বুঝলাম না।’ 

ইত্তেফাক/এসএস