গোপালঞ্জের কোটালীপাড়ায় কোরবানির হাটের ডেকোরেশনের কাজ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। উপজেলার মাঝবাড়ি গ্রামে বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় এ সংঘর্ষে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
আহতরা হলেন লিটু দাড়িয়া (৪৫), মোতালেব শেখ (৪০), শাহিন দাড়িয়া (২৪), সাগর দাড়িয়া (২২) ও আকবর দাড়িয়া (৪৫)।
স্থানীয়রা জানান, উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত ছত্তার দাড়িয়ার ছেলে লিটু দাড়িয়া ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের দক্ষিণ পাশের মাঠে কোরবানির গরু ছাগলের হাটের ডেকোরেশনের কাজ করতে গেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়ার লোকজন বাঁধা দেয়। এরপর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচ জন আহত হয়।
আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় লিটু দাড়িয়া ও মোতালেব শেখকে গোপালঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
মাঝবাড়ি গ্রামের ব্যবসায়ী বাচ্চু দাড়িয়া বলেন, আমরা গ্রামবাসী মিলে লিটু দাড়িয়াকে মাঠের ডেকোরেশনের কাজ করতে বলেছিলাম। লিটু দাড়িয়া কাজ করা শুরু করলে ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া লোকজন নিয়ে এসে তাকে কাজে বাঁধা দিয়ে মারধর শুরু করে।
অভিযোগে বিষয়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মাঝবাড়ি গ্রামের বাসিন্দা শামিম দাড়িয়ার বলেন, এ ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় লিটু দাড়িয়ার পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।
