তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ‘মৌসুমি ফল উৎসব’

আপডেট : ২৩ জুন ২০২৩, ১৫:২২

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন অতিষ্ঠ জনজীবন ঠিক তখনই শান্তি ও সুখের পরশ নিয়ে এসেছে মৌসুমি ফল। এই রসালো ফলের মৌসুম উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি আয়োজন করেছে ‘মৌসুমি ফল উৎসব’।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে কলেজের বিজ্ঞান ভবনের নিচতলায় স্টলের মাধ্যমে বিভিন্ন ফলের পরিচিতি তুলে ধরা হয়।

ফল উৎসব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম। এসময় তিনি বলেন, মৌসুমি ফল উৎসবের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা বিলুপ্তপ্রায় সব ফল সম্পর্কে জানতে পারবে এবং ফলের গুণগত উপকারিতা সম্পর্কে জানতে পারবে।

এরপর দুপুর ১২ টায় সংগঠনের সভাপতি মো. তাওসিফ মাইমুনের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা এসএম কামাল উদ্দিন হায়দার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক নিলুফা ইয়াসমিন, এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রলি, সাবেক সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান, প্রচার সম্পাদক এইচএম ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য সাব্বির হোসেন, সাবেক কার্যনির্বাহী সদস্য মামুনুর রহমান হৃদয়, অন্যতম সদস্য মেহেরুজ্জামান সেফু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।

ইত্তেফাক/এআই