যমুনা নদীর ভাঙনে জামালপুর মাদারগঞ্জে চর পাকের দহ ইউনিয়নের পাকরুল গ্রামে ২০ বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত সপ্তাহ থেকে যমুনা পানি বৃদ্ধি পাওয়ায় এ ভাঙন শুরু হয়েছে বলে জানিয়েছে উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম সরদার।
তিনি জানান, যমুনার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চর পাকেরদহের পাকরুল গ্রামে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ২০ বসতবাড়িসহ অনেক ফসলী জমি নদীগর্ভ বিলীন হয়ে গেছে। ভাঙন রোধ করা না গেলে এই ইউনিয়নের যমুনা অববাহিকার অঞ্চলটি যে কোনো মুহূর্তে নদীতে বিলীন হতে পারে। এতে বসতবাড়ি, জমি, গাছপালা, স্কুল, মাদ্রসাসহ অনেক স্থাপনা নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ হতে পারে।
এলাকাবাসী জানান, গত কয়েক বছর ধরে এই পাকরুল গ্রামে নদী ভাঙনের ফলে কয়েকশ বাড়িঘর, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি আশ্রায়নসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল জানান, নদী ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের কাছে খবর দেওয়া হয়েছে, তারা নদী ভাঙনরোধে ব্যবস্থা নিচ্ছেন।
তিনি জানান, ভাঙন কবলিত মানুষের তালিকা তৈরি হচ্ছে। তাদেরকে সব রকমের সাহায্য সহযোগীতা করা হবে।
