রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় এসব হামলা চালানো হয়েছে বলে অঞ্চলটির গভর্নর এ দাবি করেছেন। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ভাচেস্লাভ গ্লাদকভ বলেন, শেটিনোভকা গ্রামে নয়টি এবং ঝুরাভলেভকা গ্রামে চারটি আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয় নি বলে জানান তিনি।
এ ছাড়া তিনি দাবি করেছেন, ভোলোকনোভস্কি জেলার সাপোভকা গ্রাম এবং তিশাঙ্কা, কোনভালোভো, ক্র্যাসনি পাখার, স্পোদারিউশিনো, দ্রোনভকা, সেরেদা, বেলিয়াঙ্কা এবং নোভায়া তাভোলঝাঙ্কা গ্রামে হামলার খবর পাওয়া গেছে।
তবে এসব হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ান বাহিনীর ছোড়া ১৩ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। আজ শুক্রবার রাতজুড়ে ইউক্রেনের পশ্চিমে এক বিমান ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪৮৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
